ময়মনসিংহে গ্রেফতারকৃত ৭ জঙ্গি তিনদিন করে রিমান্ডে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৮:১১
ময়মনসিংহ শহরের কালিবাড়ি এলাকার একটি বাসা থেকে গ্রেফতারকৃত ৭ জঙ্গিকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মাজহারুল ইসলাম তাদের ৩নং আমলি আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালতের সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
 
এর আগে মঙ্গলবার রাতে ওই সাত জঙ্গির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
 
সোমবার দুপুরে ময়মনসিংহ শহরের ১৭০/১ কালিবাড়ী এলাকার মৃত আনোয়ারুল কাদিরের পুত্র এডভোকেট আসিফ আনোয়ার মুরাদের বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে ওই সাত জঙ্গিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শহীদুল ইসলাম (৩০) ও আরিফুর রহমান (১৯), ধোবাউড়ার দিঘীরপাড় গ্রামের আল আমিন (২৫), নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া বাজারের মাসুম আহমেদ (৩০), শাহ আলম হোসেন শামীম (২৭), নোমান মিয়া (২৭) ও নেত্রকোনার টেংরাপাড়া গ্রামের নাছির উদ্দিন (২৭)। এরা গত চার মাস ধরে এ বাসাটি ভাড়া নিয়ে অবস্থান করছিল।
 
ইত্তেফাক/ইউবি