অ্যাটলেটিকো জয়রথ ছুটছেই

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৯:২৫
জয়ের ধারা ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার ফিলিপ লুইসের জয় সূচক একমাত্র গোলে রিয়াল সোসিদাদকে ১-০ গোলে পরাজিত করেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। এ জয়ের ফলে শীর্ষ দল রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধানে আরো ঘনিষ্ঠ হলো অ্যাটলেটিকো। নগর প্রতিপক্ষের চেয়ে এখন মাত্র ৭ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা।
 
এই মৌসুমে গত শনিবার প্রথম গোলের দেখা পেয়েছে লুইস। মালাগার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে তিনি দ্বিতীয় গোলটি আদায় করেন। মঙ্গলবারের ম্যাচে অ্যাটলেটিকোর হয়ে গোলের অসংখ্য সুযোগ লাভ করেছিলেন ফার্নান্দো টোরেস,ইয়ানিক কারাসকো ও এ্যাঞ্জেল কোরো। তবে কেউই সফল সমাপ্তি টানতে পারেননি। শেষ পর্যন্ত লুইসের সফলতায় পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পেরেছে অ্যাটলেটিকো। এ জয়ের ফলে সেভিয়াকে পেছনে রেখে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান নিশ্চিত করেছে দলটি। 
 
পয়েন্ট টেবিলে ৭ পয়েন্টে এগিয়ে থাকার পাশাপাশি রিয়ালের হাতে এখনো অ্যাটলেটিকোর চেয়ে দুটি ম্যাচ বেশী হাতে রয়েছে। আগামী শনিবার মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে এই ক্লাব দুটি। লা লীগায় টানা ৫ ম্যাচে জয়ের ফলে অন্যরকম এক আত্মবিশ্বাস নিয়ে এদিন সান্তিয়াগো বার্নব্যু সফরে যাবে সিমিওনে বাহিনী।
 
খেলা শেষে আর্জেন্টাইন এই কোচ বলেন,‘ ম্যাচ শুরুর ১৫মিনিট নিজেকে ধাতস্থ করে নেয়ার পর বাকী সময় আমরা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছি। গোলের সুযোগ সৃষ্টি করার জন্য আমরা প্রতিপক্ষ দলটিকে সর্বোচ্চ চাপের মধ্যে রেখেছি। এই জয়টি ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপুর্ন।’ 
 
এ্যান্টনি গ্রীজম্যান দুইবার সাবেক ক্লাবটির বিপক্ষে গোলের খুব কাছাকাছি পৌঁছেছিলেন। তার প্রথম প্রচেষ্টাটি জেরোনিমো রুলির গায়ে লেগে দিক পরিবর্তন করে। পরের নিচু শটটি দক্ষতার সঙ্গে প্রতিহত করেন সোসিদাদের গোল রক্ষক। ফ্রান্সের এই আন্তর্জাতিক তারকা টোরেসের একটি প্রচেষ্টাও দক্ষতার সঙ্গে ব্যর্থ করে দেন। লুইসের কাছ থেকে পাওয়া বলটি নিয়ে গোল রক্ষককে এক রকম ফাকায় পেয়ে গিয়েছিলেন স্প্যানিশ স্ট্রাইকার। ফের দলকে এগিয়ে দেয়ার সুযোগ পেয়েছিলেন টোরেস। কারাসকোর বাঁকানো নিচু ক্রসের বলে তিনি মাথা ছুঁইয়েছিলেন ঠিকই। কিন্তু সেটি সাইটবারে লেগে ফিরে আসে।
 
দিনের অপর দুই ম্যাচে অ্যাথলেটিক বিলবাও ২-০ গোলে এসপানিয়লকে এবং ভিলারিয়াল ১-০ গোলে রিয়াল বেতিসকে পরাজিত করেছে। বিলবাওয়ের পক্ষে গোল দুটি করেছেন আরিজ আদুরিজ আর বিলবাওয়ের হয়ে একমাত্র জয়সূচক গোলটি আদায় করেন আদ্রিয়ান লেপোজ। বাসস।
 
ইত্তেফাক/রেজা