বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার ভারতের চাকরি করছে। প্রতিরক্ষা চুক্তি হলে সরকার আরও একটা ইনক্রিমেন্ট পাবেন। কিন্তু দেশের মানুষ যে এ চুক্তির বিরুদ্ধে, তা ভারতের কানে পৌঁছালেও আপনাদের কানে ঢুকছে না।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিলে আপনি জনগণের ধিক্কার পাবেন। অনন্তকাল মানুষ ঘৃণা করবে।
আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
