ইসলামের প্রসারে সৌদি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ২৩:৫৮

সৌদি আরবের পবিত্র মসজিদে হারাম এবং মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরো জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেছেন, তার দেশ ইসলামের প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশের সঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাবে। ড. মুহাম্মদ আল খুজাইম মসজিদে নববীর ইমাম আব্দুল মেহসিন বিন মোহাম্মদ বিন আবদুল রহমান আল কাশেমকে সঙ্গে নিয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্কালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে দুইটি পবিত্র মসজিদের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সকল উপজেলায় মসজিদ-কাম-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে সহায়তা প্রদানে সৌদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ড. মোহাম্মদ আল খুজাইম বিগত আট বছরে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, আমাদের ধারণা হচ্ছে, বাংলাদেশ সম্পূর্ণ একটি পরিবর্তিত দেশ। দেশটি এখন খুবই ভাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এই দুই সৌদি অতিথি যথাক্রমে মোহাম্মদ আল খুজাইম এবং আবদুল রহমান আল কাশিমকে স্বাগত জানিয়ে বলেন, আপনারা এখানে আসায় আমরা খুব খুশি হয়েছি। মক্কা এবং মদিনা দুইটি পবিত্র স্থান। আমাদের হূদয়ে এর বিশেষ স্থান রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সাইদকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশ অধির আগ্রহে অপেক্ষা করছে। জবাবে আল খুজাইম বলেন, সৌদি বাদশা বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তার সফর কর্মসূচি চূড়ান্ত করতে আলোচনা চলছে।

প্রধানমন্ত্রী সারা বিশ্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মোহাম্মদ আল খুজাইম বলেন, সৌদি আরবও অন্যান্য দেশের ন্যায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। তিনি বিশ্বের সকল মুসলিম দেশ শান্তিতে বসবাস করবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি চান বাংলাদেশের সকল ধর্মের লোক তাদের মৌলিক প্রয়োজন পূরণের মাধ্যমে তারাও শান্তিতে বসবাস করবে। প্রধানমন্ত্রী বর্তমানে সৌদি আরবে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির সম্পর্কে বলেন, বাংলাদেশি শ্রমিকরা দুইটি দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক ও ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসির চৌধুরী, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মহসিন এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মুতাইরি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এই দুই সৌদি অতিথি ও ইমাম আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ওলামা মাশায়েখ ও আলেম উলামাদের মহাসমাবেশে যোগ দেবেন। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

ইত্তেফাক/নূহু