সমকামিতার বিরুদ্ধাচরণকারীদের উদ্দেশ্যে প্রতিবাদের অংশ হিসেবে হাতে হাত ধরে ছবি তুলে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ডাচ পুরুষেরা। গত রবিবার নেদারল্যান্ডস এর এক রাস্তায় দুই সমকামী পুরুষের উপর হামলার বিরুদ্ধে তারা এ প্রতিবাদ জানায়।
এছাড়া পোস্ট করা ছবিগুলোতে হ্যাশট্যাগ হিসেবে ‘#হাতে হাত’ এবং ‘#সব মানুষের হাতে হাত’ লেখাও সংযুক্ত করেন তারা। শুধু নেদারল্যান্ডসেই নয়, এ প্রতিবাদে অংশ নেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দেশটির রাজনীতিবিদ, সেলেব্রিটি, ফুটবলারসহ নানান পেশায় নিযুক্ত কর্মীরা।
IMG0
এর আগে, এসপার ভার্নেস সিওরাতান (৩৫) ও রনি সিওরাতান ভার্নেস (৩১) নামের এক সমকামী যুগল অভিযোগ করেন যে তারা রবিবার ভোরে দেশটির পূর্বাঞ্চলে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন। এ সপ্তাহের শুরুর দিকে হামলায় আক্রান্ত ওই যুগল ডাচ টকশো ‘পাও’ তে হাজির হয়ে এর বিরুদ্ধে হাতে হাত ধরে প্রতিবাদের আহ্বান জানান।
IMG1
পরবর্তীতে তাদের ডাকে সাড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাচ পুরুষরা এই অভিনব প্রতিবাদে অংশ নেয়, যা বৈশ্বিক গণমাধ্যমে ব্যাপক প্রচারণা পেয়েছে। পরবর্তীতে বিশ্বের অনেক জায়গাসহ এমনকি ভারত ও আফ্রিকার অনেক পুরুষ বন্ধুত্ব এবং শ্রদ্ধার প্রতীক হিসেবে হাতে হাত ধরে ছবি পোস্ট করার মাধ্যমে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বিবিসি।
ইত্তেফাক/সেতু
