মাশরাফির জন্য জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ দল

আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৯:১৪
অস্বাভাবিক কিছু না হলে আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে বাংলাদেশ টি-২০ ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা অধ্যায়। শ্রীলঙ্কার কলম্বোতে প্রেমাদাসা স্টেডিয়ামে শেষবারের মতো মাশরাফির নেতৃত্বে টি-২০ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। জয়-পরাজয় ছাপিয়ে এখন মাশরাফির বিদায়ই মুখ্য হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেটে।
 
ম্যাচের ফলাফল নিয়ে খুব বেশি মাথা না ঘামিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে নামতে চান শুধু মাশরাফির জন্য। তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত অকপটেই জানিয়ে দিয়েছেন, ‘আমরা মাশরাফি ভাইয়ের জন্যই খেলবো।’
 
প্রিয় ক্রিকেটার, প্রিয় বড় ভাই, প্রিয় অভিভাবকের আজ শেষ টি-২০ ম্যাচ। তাই তার প্রতি সম্মান জানিয়েই আজ মাঠে নামবে তার সতীর্থরা। ক্রিকেট থেকে একেবারে অবসরে যাচ্ছেন না মাশরাফি। নিয়মিত চালিয়ে যাবেন ওয়ানডে। কিন্তু ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণ থেকেও প্রিয় অধিনায়ককে হারাতে চান না কেউ।
 
দলে টি-২০ স্পেশালিস্ট হিসেবে খ্যাত ব্যাটসম্যান সাব্বির রহমান রুমন বলেছেন, লিজেন্ড মাশরাফি ভাইয়ের সঙ্গে শেষবারের মত টি-২০ খেলব। শুধু তার জন্যেই ম্যাচটা জিততে চাই। 
 
 
প্রথম টি-টোয়েন্টিতে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটি জিতে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে হলেও স্মরণীয় করে রাখতে চাইছে বাংলাদেশের ক্রিকেটাররা। আর এই ম্যাচে জয় পেলে বীরের বেশেই মাঠ ছাড়তে পারবেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি।
 
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় লাল-সবুজ জার্সিতে যখন বাংলাদেশ দল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে নামবে, একদিকে যেমন বাংলাদেশ ক্রিকেটারদের মনে থাকবে এক সমুদ্র বিষাদ। অপরদিকে থাকবে প্রিয় অধিনায়ককে জয় দিয়ে সম্মানিত করার উদ্যম। 
 
 
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০ হঠাৎ করেই আসে মাশরাফির টি-২০ ছাড়ার ঘোষণা। টস করতে এসে মাশরাফি নিজেই জানান এই সিরিজ শেষে আর থাকছেন না টি-২০ ক্রিকেটে। এর আগে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে জানিয়ে দেন এই সিদ্ধান্ত। এরপরই হতাশা ছেয়ে যায় বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে।
 
এদিকে দলসূত্রে জানাগেছে, তামিম ইকবাল কিছুটি অসুস্থ। তাই মাশরাফির বিদায়ী ম্যাচে তিনি মাঠে নাও নামতে পারেন।
 
ইত্তেফাক/রেজা