পেনশনার সঞ্চয়পত্র পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২০:৫৭
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিদ্যমান বিভিন্ন ধরনের বন্ডে বিনিয়োগ থেকে পাওয়া সুদের ওপর এক টাকাও উৎসে কর কাটা যাবে না। আর পেনশনার সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ হবে করমুক্ত।
 
এ নিয়ে মাঠ পর্যায়ে অস্পষ্টতা তৈরি হওয়ায় একটি পরিপত্র জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরের অনুরোধে বৃহস্পতিবার পরিপত্রটি  দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
পরিপত্রে বলা হয়েছে, ওয়েজ অনার্স ডেভলপমেন্ট, ইউএস ডলার প্রিমিয়াম, ইউএস ডলার ইনভেস্টমেন্ট, ইউরো প্রিমিয়াম, ইউরো ইনভেস্টমেন্ট, পাউন্ড স্টালিন ইনভেস্টমেন্ট ও পাউন্ড স্টালিন প্রিমিয়াম বন্ডে যে পরিমণ বিনিয়োগ থাকুক এর সুদ বা মুনাফার ওপর কোনো উৎসে কর কাটা যাবে না। এসব বন্ডের ওপর ২০১৫ সালের জুলাই থেকে উৎসে কর না কাটার বিধান থাকলেও বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে অস্পষ্টতা রয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
 
অন্যদিকে, অর্থবছর শেষে কোনো ব্যক্তির পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ পাঁচ লাখ টাকার কম হলে তার সুদ পরিশোধের ওপর উৎসে কর না কাটার বিধান রয়েছে। তবে পাঁচ লাখ টাকার বেশি হলে সে ক্ষেত্রে ৫ শতাংশ হারে উৎসে কর কাটতে হবে। এ নিয়েও অস্পষ্টতা রয়েছে।
 
এনবিআরের অপর এক পরিপত্রে উৎসে কর কাটলে ক্রেডিট প্রদান তথা অর্থবছর শেষে ওই ব্যক্তির সমুদয় কর থেকে ওই পরিমাণ কর কম নেওয়ার বিষয়টি মনে করিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে ভুল করে কারও থেকে বেশি হারে উৎসে কর কাটলে তাকেও ক্রেডিট দেয়ার বিষয়টি স্মরণ করানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি