জাতীয় পুরস্কার দিয়েই আক্ষেপ মেটালেন অক্ষয় কুমার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৬:০০
দীর্ঘ দুই দশকের বেশি হল বলিউড ক্যারিয়ার। শ’য়ের উপর সিনেমায় অভিনয় করেছেন তিনি। অথচ পুরস্কারের ঝুলি এতদিন খালি ছিল বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের। গত বছরের হিট সিনেমা ‘রুস্তম’ এ অভিনয় করে তিনি সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন। শুক্রবার সকালে ঘোষিত হয় ভারতের ৬৪তম জাতীয় পুরস্কারের তালিকা।
 
তালিকায় পশ্চিম বাংলার জয়জয়কারও দেখা যায়। সেরা বাংলা ছবির পুরস্কার পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘বিসর্জন’। ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালবাসো’ গানটির জন্য সেরা মহিলা প্লেব্যাকের অ্যাওয়ার্ড পাচ্ছেন ইমন চক্রবর্তী। অন্য দিকে ‘রুস্তম’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন অক্ষয় কুমার। সেরা ছোটদের ছবি ‘ধনক’। এক নজরে দেখে নেওয়া যাক গোটা তালিকা।
 
• সেরা বাংলা ছবি: বিসর্জন
• সেরা মহিলা প্লেব্যাক গায়িকা: ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালবাস)
• সেরা অভিনেতা: অক্ষয় কুমার (রুস্তম)
• সেরা অভিনেত্রী: সুরভি সিএম (মিন্নামিনুনগে)
• সেরা ছবি: কসাব
• সেরা পরিচালক: রাজেশ মাপুষ্কর (ভেন্টিলেটর)
• সোশ্যাল ইস্যুর ওপর সেরা ছবি: পিঙ্ক
• সেরা সহঅভিনেতা: মনোজ যোশী (দশক্রিয়া)
• সেরা সহঅভিনেত্রী: জাইরা ওয়াসিম (দঙ্গল)
• পরিবেশ সচেতনতার ওপর তৈরি সেরা ছবি: দ্য টাইগার হু ক্রসড দ্য লাইন
• সেরা হিন্দি ফিচার ছবি: নীরজা
 
জাতীয় পুরস্কার। শ্রেষ্ঠত্বের শিরোপা। যার দিকে তাকিয়ে থাকে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়ে অক্ষয়ও দারুণ উচ্ছ্বসিত।
 
টুইটারে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় খিলাড়ি বলেন, পুরস্কার পাওয়ার জন্য আমি কখনো প্রতারণার আশ্রয় নেই নি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওটা সত্যিই বিশেষ কিছু। এই পুরষ্কার আপনার ট্যালেন্টের স্বীকৃতি দেয়। আমি আমার ভক্ত, সহশিল্পী ও পরিবার বিশেষ করে স্ত্রী টুইংকেলকে ধন্যবাদ দেন। তিনি বলেন, টুইংকেল সবসময় আমাকে বলত কেন তুমি অ্যাওয়ার্ড ফাংশন গুলোতে যাও, তুমি তো কোন পুরষ্কার পাওনা। অবশেষে আজ পেয়ে গেলাম। যাইহোক দেরি করে এসেছে কিন্তু ভালোটা এসেছে। ভারতীয় নৌবাহিনীর পোশাক পরিধান করে রুস্তম সিনেমায় অংশ নেয়াটা অক্ষয়ের জন্য বিশেষ কিছু বলেও জানান এই নায়ক। দ্যা হিন্দু।
 
ইত্তেফাক/রেজা