খুলনায় দিনব্যাপী বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১১ টায় নগরীর সিএসএস আভা সেন্টারে এ কনফারেন্স ও মেলার উদ্বোধন করা হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কনফারেন্স ও মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, আপনাদের টাকা দিতে আমরা আসিনি। আমরা এসেছি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে বিনিয়োগের প্রাথমিক ধারণা দিতে। বিনিয়োগ করার আগে আপনাকে প্রাথমিক ধারণা নিতে হবে। এজন্য বিনিয়োগের অ আ শিখতে হবে। আপনার কষ্টার্জিত টাকা যাতে নিরাপদে থাকে সে জন্য এ কনফারেন্স ও শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। যেখান থেকে আপনি জেনে বুঝে বিনিয়োগ করার জ্ঞান অর্জন করতে পারবেন।
তিনি বলেন, শেয়ারবাজারের অনেক আইন সংস্কারের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজার বিশ্ব শেয়ারবাজারের এ ক্যাটাগরিতে উন্নতি হয়েছে। এ ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের শেয়ারবাজার রয়েছে। আমরা পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছি।
উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, অচিরেই আমরা ঢাকায় আপনাদের নিয়ে একটি সম্মেলন করব। যেখানে আপনাদের ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেয়ে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করলে বেশি সুবিধা পাওয়া যাবে সে সম্পর্কে ধারণা দেওয়া হবে।
