বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে নরেন্দ্র মোদীর সেলফি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৭:০৮
বাংলাদেশ ও ভারত দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়েছে আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনায়। শুক্রবার দুপুরে প্রোটোকল ভেঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে পালাম বিমানঘাঁটিতে উপস্থিত হন স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাকে ‘নজিরবিহীন’ ও ‘তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছে দুই দেশের গণমাধ্যম। 
 
বিমান থেকে নেমে এলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোদী। এরপর শেখ হাসিনাকে অপেক্ষারত গাড়ি পর্যন্ত এগিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে শেখ হাসিনা দিল্লিতে অবস্থিত ভারতের রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা দেন। ভারত সফরে সেখানেই তিনি অবস্থান করবেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে পেরে উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী। তিনি নিজের টুইটার একাউন্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
 
এদিকে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় বরং তার সফরসঙ্গী অন্যান্যদের সঙ্গেও দেখা করেন মোদী। এসময় তিনি বেশ খুশ মেজাজে ছিলেন। বাংলাদেশের প্রতিনিধি দলের অনেকেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সেল্ফী তুলে বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে ফেলেন। এরকমই বেশ কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।
 
 
ছবিগুলো শেয়ার করে ক্যাপশন দেয়া হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।’
 
ইত্তেফাক/রেজা