প্রবেশ পত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, কমিটি বিলুপ্ত

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২৩:৪২

মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটি বিলুপ্ত করা হয়েছে। জেলা ছাত্রলীগের এক প্রেসরিলিজে এই তথ্য জানা গেছে।

আজ সোমবার থেকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখার ৫৭জন পরীক্ষার্থীর প্রবেশপত্র না আসায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। আদর্শ কলেজের ৫৭জন শিক্ষার্থীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় কলেজ শাখার দুই ছাত্রলীগ নেতা। তারা কলেজের টেস্ট পরীক্ষায় ফেল করা ৫৭জন পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নেয় কিন্তুু শিক্ষার্থীরা কলেজে গিয়ে জানতে পারে তাদের পরীক্ষার প্রবেশ পত্র কলেজে আসেনি। ফলে তারা পরীক্ষা দিতে পারেনি। বিষয়টি জানাজানি হলে ছাত্রলীগ আদর্শ কলেজ ইউনিট কমিটি বাতিল করা হয়।

মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, মাগুরা আদর্শ কলেজের টেস্ট পরীক্ষায় ফেল করা কিছু পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে তাদের ফর্ম ফিলাপের মাধ্যমে পরীক্ষায় অংশ নেয়ার কথা বলে কয়েকজন। শুনেছি তারা টাকা নিয়েছে। কলেজ কর্তৃপক্ষ এই বিষয়টি জানতেন না। তাদের প্রবেশ পত্র আসেনি। ১৫/২০জন পরীক্ষার্থী তার কাছে এসে এই ঘটনা বলেছে। কলেজের নাম ভাঙ্গিয়ে যারা টাকা নিয়েছে এটা অন্যায়। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থ নেয়া হবে।

ইত্তেফাক/আরকেজি