সুইটির অনন্য উদ্যোগ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১২:৩৪
 
অভিনয়শিল্পী সংঘের প্রথম নির্বাচিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর খানিক বাড়তি ব্যস্ততায় দিন কাটছে তার। এমনিতে নিজেকে ‘চির অলস’ বলেই দাবি করেন। যদিও নিজের কাজে ও ব্যাপ্তিতে দুই জেনারেশনের প্রিয় তারকার আসনে বসে আছেন এই শিল্পী। বরাবরের প্রচারবিমুখ দেশের এই আইকনিক মডেল-অভিনেত্রী তানভীন সুইটি।
 
নাটকের কাজও খুব বেছে বেছে করেন। শিল্পী সংঘের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে এক সাক্ষাত্কারে সুইটি বলেন, ‘ইলেকশনের আগে টানা ১০ দিন ঘুম হয়নি। এ রকম অভিজ্ঞতা আমার প্রথম। সকালে উঠেই শিল্পীদের সাথে গণ-সংযোগে ব্যস্ত থাকতে হয়েছে। নির্বাচিত হওয়ার পর দায়বদ্ধতা বেড়েছে খুব স্বাভাবিকভাবেই। তবে আমি পারিবারিকভাবেই খুব নিয়মতান্ত্রিক জীবনযাপন করেছি সবসময়। তাই সেই অভ্যেসে কোনো অসুবিধা হয়নি। এছাড়া নির্বাচনে অংশ না নিলে জানতেও পারতাম না যে, এত মানুষ আমাকে ভালোবাসে।’
 
নিজের নিয়মিত ব্যস্ততার পাশাপাশি সম্প্রতি ইয়ুথ বাংলা কালচারাল সোসাইটি গড়েছেন। এ প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন স্তুরের শিল্পীরা ‘পড় মুজিব’ নামের একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছেন।
 
এ প্রসঙ্গে সুইটি বলেন, ‘এটা দেশের প্রতি একটা দায়িত্ববোধের জায়গা থেকে আমি কাজটি করছি। কারণ বঙ্গবন্ধু সম্পর্কে আমরা জানি, কিন্তু সেটা কতটুকুই বা জানি বা পড়ার চেষ্টা করি। তাই নিজেদের সোসাইটি থেকেই এটি শুরু করলাম। কারণ আমরা না জানলে, না পড়লে পরের জেনারেশন কিভাবে জানবে? এছাড়া ইদানিংকালের ছেলেমেয়েদের যখন প্রশ্ন করা হয় যে, ১৬ ডিসেম্বরে আমরা কি উত্সব করি তখন অনেকেই বলতে পারে না। এটা একটা ভয়ঙ্কর সঙ্কট। এ তাগিদ থেকেই আমরা এই সোসাইটি থেকে পড় মুজিব কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আগামীতে আরো কিছু কাজ করবো দেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে।’
 
ইত্তেফাক/আনিসুর