প্রথমবার ‘জলযাত্রায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নাটক ও গান উৎসব’

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৪:২৬
 
বাংলাদেশের টেলিভিশন-চলচ্চিত্র দর্শক, বেতার শ্রোতা এবং পত্রিকা পাঠকদের সংগঠন ‘দর্শক-শ্রোতা-পাঠক ফাউন্ডেশন’ ‘জলযাত্রায় চলচ্চিত্র, নাটক ও গান উৎসব’ শিরোনামে একটি অভিনব আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।
 
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য বছরব্যাপী এই উৎসবে দেশের নৌযানগুলোতে দর্শকদের জন্য মুক্তিযুদ্ধের কালোত্তীর্ণ চলচ্চিত্র এবং নন্দিত টেলিভিশন নাটক ও গান প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। পুরো পরিকল্পনায় সহযোগী হিসেবে থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ইমপ্রেস টেলিফিল্ম লি: (চ্যানেল আই)সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান।
 
এ উপলক্ষে শনিবার দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশন ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থা’র সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সংস্থার পল্টন কার্যালয়ে সংস্থার সভাপতি জনাব মাহবুব উদ্দিন আহাম্মদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি বদিউজ্জামান বাদল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারি এবং জনাব কলিমুল্লাহ প্রমূখ।
 
দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউল হাসান কিসলু, সাধারণ সম্পাদক শহিদুল আলম সাচ্চু, সহ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম এবং পরিচালক  রাশেদা রওনক খান। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল শংকর, পরিচালক সোয়েব উল আলম, ইয়ামিন জুয়েল, অধরা জাহান এবং চাঁদপুর সমন্বয়ক রূপক রায়।
 
মতবিনিময় সভায় নৌ চলাচল সংস্থার পক্ষ থেকে এধরণের একটি সময়োপযোগী আয়োজনের জন্য দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশনকে অভিনন্দন জানানো হয়। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের বীজবপনে এই আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে তারা অভিমত ব্যক্ত করা হয়। উল্লেখ্য, আগামী ১ লা বৈশাখ থেকে বছরব্যাপী এই উৎসব শুরু হবে।
 
ইত্তেফাক/আনিসুর