ঝাড়খণ্ডে হিন্দু তরুণীর সঙ্গে প্রেম করায় মুসলিম তরুণকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৫:৫৫
ভারতের ঝাড়খণ্ডে এক হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করার অভিযোগে ১৯ বছর বয়সী মোহাম্মদ শালিক নামের এক মুসলিম যুবককে পিলারের সঙ্গে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবারের এই নির্মম ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
 
একজন কর্মকর্তা জানিয়েছেন, হিন্দু মেয়েটিকে জেরার পরে এই বিষয়ে তথ্যসংগ্রহ করে তিনজনকে গ্রেফতার করা হয়। ওই মেয়েটির পরিবার সম্পর্কের বিরুদ্ধে ছিল এবং মোহাম্মদ শালিককে হুমকি দিয়েছিল। হুমকিতে কান না দিয়ে মোহাম্মদ শালিক তাকে গত বুধবার বাড়িতে রেখে আসতে গেলে স্থানীয়রা তাকে আটক করে।
 
এরপর তাকে পিলারের সঙ্গে বেধে পেটানো হয়। শালিক রাতের বেলা বাড়ি না ফিরলে তার পরিবার বন্ধুদের কাছ থেকে তথ্য নিয়ে তাকে প্রচণ্ড আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে শালিক। পুলিশ কর্মকর্তা চন্দন কুমার ঝা বলেন, বৃহস্পতিবার মোহাম্মদ শালিককে হত্যা করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে অন্য সম্প্রদায়ের নারীর সঙ্গে প্রেম করার কারণে পিটিয়ে হত্যা করা হয়।
 
তিনি যোগ করেন, পুলিশ যাচাই করে দেখছে ওই তরুণীর পরিবার জনগণকে উসকে দিয়েছিল কী না। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/সাব্বির