সিরিয়ায় মার্কিন হামলার পরিকল্পনা আগেই করা হয়েছিল : রাশিয়া

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৭:৫৬
যুক্তরাষ্ট্র অনেক আগেই সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে রাশিয়া। ইদলিবে রাসায়নিক হামলার অজুহাতে গতকাল সিরিয়ার হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়।
 
হামলায় অংশ নিয়েছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইএসএস রোজ ও ইউএসএস পোর্টার। এ দুই যুদ্ধজাহাজ থেকে প্রায় ৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মার্কিন হামলার পর দেয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেন, শুক্রবারের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ, পরিকল্পনা ও প্রস্তুতির প্রয়োজন ছিল। এ ছাড়া, হামলার জন্য ক্ষেপণাস্ত্রগুলোকে মোতায়েন করতে সময় লেগেছে।
 
সব মিলিয়ে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি আগেই নিয়েছে যুক্তরাষ্ট্র। ইদলিবের রাসায়নিক হামলার ঘটনাকে এ জন্য অজুহাত হিসেবে ব্যবহার করেছে বলে জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে এ হামলা চালানো হয়েছে বলেও মনে করেন তিনি। হামলায় আমেরিকা ৫৯ ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এর মধ্য ২৩টি লক্ষ্যে আঘাত হেনেছে এবং বাকি ৩৬টি কোথায় আঘাত হেনেছে তা সঠিকভাবে জানা যায়নি। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির