‘মানবতাবোধ থেকে প্রধানমন্ত্রী বার্ন ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেন’

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৮:৪৪
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মানুষের প্রতি মানবতাবোধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছেন।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবছর দেশের মানুষের দীর্ঘদিনের প্রতিক্ষিত এই বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৫শ’শয্যার এই বার্ন ইনস্টিটিউটটি এখন বাস্তবায়ন হতে যাচ্ছে।
 
শনিবার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, টেমাসেক ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক স্টেনলে লি, সিংহেলথ-এর গ্রুপ ডিরেক্টর সহযোগী অধ্যাপক চুং ইয়ে লি এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ড সহযোগী অধ্যাপক টান বিন কিম।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।