রাজধানীর কামরাঙ্গীচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। তার নাম বাবুল হোসেন (২৫)। শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত বাবুলের সহকর্মী রাকিব হোসেন জানান, বাবুল হোসেন কামরাঙ্গীরচর হুজুরপাড়া ফ্যান ফ্যাক্টরি এলাকায় একটি পলিথিন কারখানার শ্রমিক। শনিবার দুপুরে ফ্যাক্টরিতে কাজ করার সময় বাবুল বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন তার সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের মরদেহ মর্গে রাখা হয়েছে।
