১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লীর মানেকশ সেন্টারে একটি অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের জনগণ ও সরকারের অবদানের জন্য আমি কৃতজ্ঞ।
মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে ছিল জেনারেল এসএইচএফজে মানেকশ। তার নামে প্রতিষ্ঠিত সেন্টারে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বহু ভারতীয় সেনা জীবন দিয়েছেন। আমরা তাদের কথা সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।
প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাবাহিনীর সদস্য ল্যান্স নায়েক আলবার্ট এক্কা (পরমবীর চক্র), মেজর অনুপ সিং গহলাউত (মহাবীর চক্র), সিপাহী অনুসূয়া প্রসাদ (মহাবীর চক্র), লেফট্যানেন্ট সমীর দাস, স্কোয়াড্রন লিডার এবি সামন্ত ও ল্যান্স নায়েক মোহিনী রঞ্জন চক্রবর্তীর পরিবারকে সম্মানিত করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীদের হাতে নিহতদের স্মরণ করার সময় এটি। তিনি বলেন, এটা সুযোগ বাংলাদেশে সংঘটিত নির্মম আক্রমণকে স্মরণে যেখানে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। এই উদ্যোগের জন্য বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাই।
মোদী বলেন, তিনিসহ পুরো একটা প্রজন্ম স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জীবন দ্বারা অনুপ্রাণিত হয়েছে।
শেখ হাসিনা মুক্তিযুদ্ধের উপর একটি প্রদর্শনীতেও ঘুরে দেখেন এবং মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাদের সঙ্গে কথা বলেন।
ইত্তেফাক/সাব্বির।
