সম্প্রতি সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ফেসবুকে হঠাৎ করেই শাফিন আহমেদকে নিয়ে নানা কটুক্তি করে একটি ভিডিও মেসেজ ছাড়েন। তার একদিন বাদেই শাফিন আহমেদকেও দেখা যায় ফুয়াদের সেই কটুক্তির জবাব দিতে, বেশ কড়া ভাষায়।
এমনকি শাফিন আহমেদ এর আগে ফুয়াদের ভিডিও মেসেজটিও শেয়ার করেন। কিন্তু তাদের আলাপচারিতার একপর্যায়ে জানা যায় যে, পুরো বিষয়টিই মিডিয়াসহ সকল ভার্চুয়াল ভক্তদের দৃষ্টি আকর্ষণের জন্য।
এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে ফেসবুকে। অথচ মূল খবর হলো ফুয়াদ ফিচারিং শাফিন আহমেদের একটি গান রিলিজ হবে খুব শিগগিরই। আর গান প্রচারের ক্ষেত্রে এই কৌশল অবলম্বনটাকেও অনেকে ভিন্ন চোখে দেখছেন।
তাই এ প্রসঙ্গে শাফিন আহমেদের কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন, ‘আমাদের কথোপকথনের মূল বিষয় হলো যাকে তাকে লিজেন্ড বলা। যারা এ সময় গান করছে তাদেরকেও অনেকে লিজেন্ড বলে আখ্যা দিচ্ছেন। এর চেয়ে অবাক করার মতো বিষয় তো আর হতে পারে না। এ কারণে আমি ভিডিওতেও বলেছি, এখনো বলছি যে, এই লিজেন্ড শব্দটিতেই আমার ভীষণ এলার্জি রয়েছে। যাকে তাকে, যে যা না তাকে সেভাবে সম্বোধন করা একটা অবক্ষয়ের ব্যাপার। এই মেসেজটিই একটু ভিন্ন আঙ্গিকে পৌঁছাতে চাই। তাই বাকি বিষয় জানতে হলে আরো কিছুদিন সংযুক্ত থাকতে হবে। কারণ আমি মনে করি, সমসাময়িক এ সঙ্কটে এই মেসেজটা পৌঁছানো খুব জরুরি।’
ইত্তেফাক/আনিসুর
