পিরোজপুরের ইন্দুরকানীতে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র ইন্দুরকানী বাজারের আদম আলী সড়কে এ ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে আলমগীরের মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদা জানান, আগুন লাগার পরে দমকল বাহিনীর দুটি ইউনিট ও স্থানীয় জনতা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভস্মীভূত দোকানগুলোর মধ্যে অধিকাংশ দোকানই ছিল আধা পাকা। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যার মধ্যে বেশির ভাগ দোকানই ছিল মুদি মনোহরি, ওষুধ, কনফেকশনারির। এঘটনায় একটি স'মিলও ভস্মীভূত হয়। এছাড়া দুটি বসত বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
ক্ষতিগ্রস্থদের দাবি, আগুনে পুড়ে তাদের তিন কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/কাউছার
