রাজধানীর মহাখালীতে পরিবার কল্যাণ অধিদফতরের কেন্দ্রীয় গুদাম শনিবার গভীর রাতে আগুনে পুড়ে গেছে। ২৭০ ফুটের এ গুদামটিতে পরিবার পরিকল্পনার সামগ্রী মজুত রাখা হয়। তবে গুদামটিতে কি পরিমাণ পণ্য মজুত ছিল -তা জানা যায়নি। তবে গুদামের ভেতরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার ব্রিগেড তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে গতকাল রবিবার আগুন লাগার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ?ধিদফত?রের পরিদর্শক মাহমুদুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মহাখালীতে অবস্থিত পরিবার পরিকল্পনা অধিদফতরের কেন্দ্রীয় গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রথমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও পরে আরও ৫টি ইউনিটসহ মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কলাণ বিভাগের যুগ্মসচিব আব্দুল মালেককে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন-পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (অর্থ) প্রণব কুমার নিয়োগী, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. সমির কান্তি সরকার, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (স্বাস্থ্য উইং) খায়রুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ হান্নান, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক সমরেন্দ্রনাথ বিশ্বাস এবং সদস্য সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব ফয়সাল শাহ। কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ইত্তেফাক/কাউছার
