আসন্ন বৈশাখ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজ মিউজিকের ব্যানারে মুক্তি পাচ্ছে রাকিব মোসাব্বির এর নতুন একক অ্যালবাম 'মনটা ছুঁয়ে দেখোনা'। রাকিব জানান, গত বছর লেজার ভিশনের ব্যানারে তার "মায়াবতী ময়না" নামে একটি একক অ্যালবাম সিডি আকারে মুক্তি পায়।
এছাড়া তার নিজস্ব অডিও প্রযোজনা সংস্থা টোন ফেয়ার থেকে এ বছরের শুরুর দিকে জিপি মিউজিকে মুক্তি পায় আরেকটি একক অ্যালবাম "মন পাখি"। সেই ধারাবাহিকতায় এ বছরেও বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার নতুন একটি একক অ্যালবাম।
বৈশাখের পর আগামী ও আসছে ঈদে গীতিকার রেজাউর রহমান রিজভীর একক গীতিকবিতায় রাকিবের আরও একটি একক অ্যালবাম লেজার ভিশনের ব্যানারে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাছাড়া গত বছরে তার বেশ কিছু অ্যালবাম মোবাইল কন্টেন্টে মুক্তি পেলেও, অ্যালবামগুলো এখনও সিডি আকারে প্রকাশিত হয়নি।
"মনটা ছুঁয়ে দেখোনা" অ্যালবামের গানের কথা লিখেছেন খায়রুল বাবুই, এমদাদ সুমন ও রাকিব মোসাব্বির নিজেই। এই অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীতও করেছেন বরাবরের মত রাকিব মোসাব্বিরই। আসন্ন বৈশাখ উপলক্ষে সিডি চয়েজ মিউজিক এর ব্যানারে মুক্তির অপেক্ষায় রাকিবের নতুন একক 'মনটা ছুঁয়ে দেখোনা' অ্যালবামের মোট গান সংখ্যা তিনটি।
সবগুলো গানই ফিল্মিক ধাঁচের গান। রাকিব আরও জানান, এই তিনটি গানের অডিও মুক্তির পরপরই সবগুলো গানের মিউজিক ভিডিও নির্মিত হবে এবং সিডি চয়েজ মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওগুলো মুক্তি দেওয়া হবে।
ইত্তেফাক/আনিসুর
