বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ‘বিশেষ বিধান’ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ১৯ ধারায় বিশেষ বিধান রাখা হয়েছে। ওই বিশেষ বিধানে বলা হয়েছে, ‘এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশ এবং পিতা-মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে, বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে, বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না।’
ইত্তেফাক/কাউছার
