কসবায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৮:৪৭
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোমবার  দুপক্ষের সংঘর্ষে রহিছ মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি এলাকার হাজী জমশেদ মিয়ার গোষ্ঠী ও একই এলাকার সুজন মিয়ার গোষ্ঠীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সুজন মিয়া গোষ্ঠীর রহিছ মিয়া। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া অন্য আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।
 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি