‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে ভারতীয়কে মৃত্যুদণ্ড দিল পাকিস্তান

আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৯:০৪
ভারতীয় গুপ্তচর সন্দেহে গ্রেফতার কুলভূষণ যাদব নামের এক ভারতীয় সামরিক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল। পাকিস্তান সেনা আইনে দেওয়া মৃত্যুদণ্ডের সাজায় সিলমোহর দিয়েছেন দেশটির সেনাপ্রধান চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া।
 
যাদবের ঘটনাটি পাকিস্তানের মাটিতে ভারতের নাশকতা ও অন্তর্ঘাতমূলক কার্যকলাপের প্রমাণ বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী  সরতাজ আজিজ। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও অন্তর্ঘাতে যুক্ত থাকায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কুলভূষণকে। পাকিস্তান আর্মি আইনে ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করে মৃত্যুদণ্ড হয়েছে ওই চরের। বেলুচিস্তান, করাচিতে শান্তি ফেরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির প্রয়াস ভেস্তে দিয়ে পাকিস্তানকে অস্থির করে তোলা, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার লক্ষ্যে তাকে নাশকতা, অন্তর্ঘাতের ছক তৈরির দায়িত্ব দিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এ কথা ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করেছে সে।
 
গত বছরের ৩ মার্চ কুলভূষণকে ইরান থেকে প্রবেশের পর ‘গ্রেফতার করে’ পাক নিরাপত্তা বাহিনী।  তাঁর বিরুদ্ধে পাকিস্তানে নাশকতার ছক তৈরির অভিযোগ আনা হয়। কুলভূষণ ভারতীয় নৌবাহিনীর অবসর নেওয়া অফিসার, এটা মেনে নিয়েও তাঁর সঙ্গে ভারত সরকারের সঙ্গে কোনোরকম যোগসাজশ থাকার কথা অস্বীকার করেছে নয়াদিল্লী। পাকিস্তানের দাবি, কুলভূষণ ভারতীয় নৌবাহিনীর অন ডিউটি অফিসার। এনডিটিভি।
 
ইত্তেফাক/সাব্বির