অভিযোপত্র দাখিলের চার বছরেও মামলার বিচার শেষ না হওয়ায় কুড়িগ্রামের জেলা ও দায়রা জজের কাছে ব্যাখ্যা তলব করেছে হাইকোর্ট। আগামী ২৮ মে’র মধ্যে তাকে লিখিতভাবে আদালতে এই ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
হত্যাকাণ্ডের ঘটনায় কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় ২০১১ সালের ১২ জুন মামলা দায়ের করা হয়। এই মামলার আসামি আব্দুল বাতেন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগপত্র দাখিল হলেও এখনো অভিযোগ গঠন করেনি বিচারিক আদালত। এর মধ্যে পেরিয়ে গেছে চার বছর। কিন্তু জামিন পাননি আসামি।
শুনানিতে আসামি পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট ওই আসামিকে ছয় মাসের জামিন দেয়। পাশাপাশি বিচারকের ব্যাখ্যা তলব করে আদালত।
