আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমঝোতা স্মারক সইয়ে কোন দেশই ভারতের কাছে যেমন বিক্রি হয়নি তেমনি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশও বিক্রি হবে না।
তিনি বলেন, ‘ভারতের সাথে এ ধরনের সমঝোতা স্মারক পাকিস্তান ছাড়া সার্কভুক্ত সকল দেশের রয়েছে। তাদের দেশ যেমন ভারতের কাছে বিক্রি হয়নি তেমনি এ দেশও বিক্রি হবে না।’
২০০২ সালে বিএনপি সরকারের সময় চীনের সাথে সই হওয়া সামরিক চুক্তির কথা উল্লেখ করে হাছান বলেন, ‘তারা তাদের সে সামরিক চুক্তি জনগণের সামনে প্রকাশ করেননি। তাহলে কি তারাও চীনের কাছে দেশ বিক্রি করে দিয়েছিলেন।’
ড. হাছান মাহমুদ আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)’র উদ্যোগে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর ভারত সফর-সম্পর্কের নতুন দিগন্ত’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার জন্য বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের মুখপাত্র হাছান মাহমুদ বলেন, ভারত বিরোধী রাজনীতি এখন আর দেশের মানুষ গ্রহণ করে না।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশকে ভারতের বাজারে পরিণত করেছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সেখান থেকে সরিয়ে ভারতকে দেশের বাজার বানানোর জন্য কাজ করে যাচ্ছেন। বাসস।
