খুলনায় কৃষক হত্যা মামলা : সাত ভাইসহ আটজনের যাবজ্জীবন

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৭:২০
খুলনায় যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল মাঝেরপাড়া গ্রামের কৃষক মজিদ সরদার হত্যা মামলায় আদালত আপন সাত ভাই ও এক ভাতিজাসহ একই পরিবারের আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 
 
মঙ্গলবার বিকালে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
 
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল মাঝেরপাড়া গ্রামের মৃত জাহান বকস সরদারের সাত ছেলে যথাক্রমে তাজ উদ্দিন সরদার (৩২), রফিকুল ইসলাম সরদার (৩৫), সিদ্দিকুর রহমান সরদার (৩৮), আমজাদ সরদার (২৬), আব্দুল গনি সরদার (৪৫), নজরুল ইসলাম সরদার (৩০) ও মাসুদ সরদার (২২) এবং সিদ্দিকুর রহমান সরদারের ছেলে ভাতিজা আসাদুজ্জামান লিটন (২০)।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে মধ্যকুল মাঝেরপাড়া গ্রামের বাড়িতে মজিদ সরদারের ভাই মশিউর রহমান পলাশ ও তার স্ত্রী শাহিদা বেগমকে লাঠিসোটা দিয়ে মারধর করতে থাকেন আসামিরা। এসময় মজিদ সরদার  বাধা দিলে তারা তাকেও বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মজিদ সরদার মারা যান। এ ঘটনায় মজিদ সরদারের ছেলে মো. বাবুল রানা পরের দিন বাদী হয়ে ১১জনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা দায়ের করেন। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার উপ-পরিদর্শক নারায়ণ চন্দ্র ঘোষ ৮জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মামলাটি যশোরের আদালত থেকে বিচারের জন্য খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট মো. এনামুল হক।