ভোলা শহরের পদ্মা মার্কেটে কাঁচা বাজার সমিতির হিসাব রক্ষক মো. মুছা মাঝির হত্যায় অভিযুক্ত প্রধান আসামি মো. মহসিনকে পুলিশ মঙ্গলবার গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, মুছার হত্যাকারী মহসিন এটি নিশ্চিত হওয়ার পর পুলিশ মহসিনকে খুঁজতে থাকে। মঙ্গলবার সকালে মহসিন তার আলীনগরের বাড়িতে অবস্থান করছিলেন এমন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ রাতে ভোলা শহরের পদ্মা মার্কেটের দোতলায় কাঁচাবাজার সমিতির অফিস কক্ষে হিসাব রক্ষক মুছাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
