নব্য জেএমবি’র সুইসাইডাল স্কোয়াডের নারীসহ দুইজন গ্রেফতার

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ২০:২১
নব্য জেএমবি’র সুসাইডাল স্কোয়াডের একজন নারী সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- জাহিদ আহম্মেদ জিহান ও ফাতেমা আক্তার রুমা। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, গ্রেফতারকৃতরা নব্য জেএমবি’র তামিম সরোয়ার গ্রুপের সদস্য। নাশকতার উদ্দেশ্যে এরা ঢাকায় অবস্থান করছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। 
 
র‌্যাব জানায়, গত বছরের ১ জুলাই রাতে গুলশান ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ি হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলার পর নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাসহ মাঠ পর্যায়ের অনেক সদস্য ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। তবে এখনও অনেকে বিচ্ছিন্নভাবে ঢাকাসহ সারাদেশে অবস্থান করছে। গ্রেফতার জাহিদ ও ফাতেমা এমনই দুজন। এরা একে অপরের ঘনিষ্ঠ। এরা সুইসাইডাল স্কোয়াডের সদস্য হতে পারে। এদের সঙ্গে নব্য জেএমবির আরো অনেকের যোগাযোগ ছিল। বিশেষ করে সম্পতি নারায়নগঞ্জে গ্রেফতার হওয়া নব্য জেএমবির আট সদস্যের সঙ্গে এদের দেখা হয়েছিল। এরা ইন্টারনেট, মোবাইল ফোন যোগাযোগ করে নাশকতার পরিকল্পনা করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যেসব তথ্য দিয়েছে তা যাচাই বাছাই চলছে।