সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফের বিরুদ্ধে মামলা চলবে

আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ২০:২২
চার দলীয় জোট সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলা চলবে মর্মে রায় দিয়েছে হাইকোর্ট। মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুল বুধবার খারিজ করে দেয়া হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। 
 
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি জানান, রুল খারিজ হওয়ায় তার বিরুদ্ধে এ মামলা চলতে আর কোনো বাধা থাকল না।
 
প্রসঙ্গত, ২০০৭ সালের ১৮ ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদক। পরে মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন তিনি। ওই আবেদনের ওপর রুল জারি করে আদালত। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে তা খারিজ করে দেয় হাইকোর্ট। 
 
ইত্তেফাক/পাভেল