বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই গ্রাম সংলগ্ন এবং কাহালু-বগুড়া সংযোগ সড়কের পাশে অবস্থিত কিবরিয়া পেপার মিলের অভ্যন্তরে বৃহস্পতিবার সকালে মিলের পালপার সেকশানে কাজ করার সময় কনবেয়ার মেশিনের রাবার বেল্টে জড়িয়ে শাহিন শেখ(২২)নামের এক শ্রমিক মারা গেছে।
নিহত শ্রমিক শাহিন শেখ কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়া গ্রামের আব্দুস সোবাহান শেখের পুত্র।
জানা গেছে, নিহত শাহিন শেখ বুধবার মিলের পালপার সেকশানে রাতের শিফটে কাজ করে। বৃহস্পতিবার সকালে কাজ শেষ করার ঘণ্টা খানেক আগে অসাবধানতা বশত হঠাৎ করে কনবেয়ার মেশিনের রাবার বেল্টের সাথে জড়িয়ে গেলে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
মিলের ইনচার্জ আব্দুর রশিদ জানান ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টার দিকে। এ ঘটনায় মিলের অভ্যন্তরে অফিসের ৩ টি থাই জানালার কাঁচ ভাংচুর করা হয়েছে।
এ দিকে ঘটনার সংবাদ পেয়ে সকালে কাহালু থানার এসআই মতিয়ার রহমান, জাকির হোসেন মিলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শাহিন শেখের মরদেহ কাহালু থানায় নিয়ে আসে। বর্তমানে তার মৃতদেহ থানায় রয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মিলের প্রধান গেটের সামনে শত শত মানুষকে ভিড় জমাতে দেখা যায়। এ রিপোর্ট লেখা (সকাল সাড়ে ১০ টা) পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ইত্তেফাক/রাফাত
