ন্যামের সন্দেহভাজন হত্যাকারীদের মালয়েশিয়ার আদালতে হাজির

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৪:৫২
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যামকে হত্যার দায়ে অভিযুক্ত দুই নারীর বিচার শুরুর আগে বৃহস্পতিবার মালয়েশিয়ার একটি আদালতে হাজির করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বুলেটপ্রুফ পোশাক পরিয়ে তাদের আদালতে নেয়া হয়। এ মামলায় তাদের ফাঁসি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
ইন্দোনেশিয়ার সিতি আসিয়া (২৫) এবং ভিয়েতনামের দোয়ান থি হুওং (২৮) কে বিমানবন্দরের কাছের সেপাং ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে নামকে নার্ভ এজেন্ট বিষ প্রয়োগে হত্যা করা হয়।
 
প্রসিকিউটররা মামলাটি উচ্চ আদালতে স্থানান্তরের জন্য আবেদন করবেন বলে ধারণা করা হচ্ছে। আবেদন মঞ্জুর হলে উচ্চ আদালতে এ দুই নারীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিচার কাজ শুরু করা হবে। এতে দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। 
 
পুলিশের অভিযোগ, এ দুই নারী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ন্যামের মুখমণ্ডলে বিষাক্ত পদার্থ ছিটিয়ে তাকে হত্যা করে। অত্যন্ত প্রাণঘাতী হওয়ায় বিশ্বব্যাপী বিষাক্ত এ রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ রয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু