নরসিংদী সদরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে আসাদ উল্লাহ (৩০) ও বকুল শেখ (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে অজ্ঞাত আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং যানজট নিরসন করে।
জানা গেছে, নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের ভাটপাড়া কদমতলা এলাকায় তিনজন যাত্রী নিয়ে একটি মোটরসাইকেল পাঁচদোনার দিকে যেতে থাকে। এসময় বিপরীত দিক থেকে আগত একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন একজন। পরে হাসপাতালে নেয়ার পরে আরেক জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। অপরদিকে মোটরসাইকেল আরোহীদের ঠিকানা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
