ছাত্রলীগকে আগামীর জন্য তৈরি হতে হবে : নসরুল হামিদ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২০:২৬
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বর্তমানে যারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং যারা আওয়ামী লীগের প্রথম সারির নেতা তারা সকলেই ছাত্রলীগ থেকে উঠে এসেছেন। ছাত্রলীগকে আগামীর জন্য তৈরি হতে হবে। ছাত্রলীগ করে কখনো হারিয়ে যাওয়া যাবে না। মুক্তিযুদ্ধের চেতনার শক্তি এবং ছাত্রলীগকে আগামীর নেতৃত্বে দেখতে চাই।
 
বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
সম্মেলনের উদ্ধোধন করে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, যুদ্ধাপরাধী-রাজাকার ও তাদের দোষরদের হাতে গজাঁনো রাজনীতিকরাই বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি করছে। এই জঙ্গিবাদ মোকাবেলায় ছাত্রলীগ কাজ করবে।  
IMG0
তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধিনতা অর্জন করেছে। তখনও সকল আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে ছাত্রলীগের নেতা-কর্মীরাই ছিল। বর্তমানে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ মোকাবেলায় সরকার সাফল্য রেখে আসছে। আমি বলতে চাই- যারা এই জঙ্গিবাদ সৃষ্টি করছে, যারা জঙ্গিবাদকে উসকিয়ে দিচ্ছে, যারা মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে ছাত্রলীগ দ্বিতীয় মুক্তিযুদ্ধ চালিয়ে যাবে। এজন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের কাজ করতে হবে।
 
এসময় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতেও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান সোহাগ।
 
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, সকল অপশক্তি দূর করে মেধা ও যোগ্যতা দিয়েই ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে।
 
ছাত্রনেতাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, নেতাসূলভ আচরণ না করে ভদ্র ব্যবহার ও মেধার চর্চা করেই সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে নিজেকে আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে।
 
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান হিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার হকের সঞ্চালণায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য বাচ্চু মিয়া, কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল কুদ্দুস।
 
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এম আমিনুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি