চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল ভার্সিটির কাজ শুরু

আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ০০:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে। এ নিয়ে দেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ৩টি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্য ও  পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য দুটি পৃথক অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ লক্ষ্যে ভূমি বরাদ্দ ও প্রকল্প প্রস্তাব প্রণয়নের কাজ শিগগিরই সম্পন্ন করার জন্যও তিনি নির্দেশনা প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় অন্যদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যািলয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রাথমিক পর্যায়ে ঢাকায় দুটি লিয়াজো অফিস স্থাপন করে প্রশাসনিক কাজ শুরু করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

  উচ্চতর ডিগ্রিসমূহের মধ্যে সমন্বয় সাধনে

 সুনির্দিষ্ট কাঠামোর ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস ও সার্জনস (বিসিপিএস) এর প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় মন্ত্রী চিকিত্সা শাস্ত্রের উচ্চতর ডিগ্রিসমূহের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট কাঠামো প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।

বিসিপিএস এর সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নূরুল আমিন, অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিএমডিসির

প্রতিনিধি দলের সাক্ষাত্

বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আট সদস্যের এক প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় মন্ত্রী চিকিত্সকদের পদোন্নতি নীতিমালার সংশোধনী প্রণয়নের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। অন্যদের মধ্যে বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ্ ও অধ্যাপক ডা. ইকবাল আর্সলান এবং অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু