ধোনির পাশে স্মিথ

আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৮:০৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি ভারত ও রাইজিং পুনে সানরাইজার্সের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাই এসব নিয়ে সমালোচনার সাগরে হাবুডুবু খাচ্ছেন ধোনি।
 
এমন অবস্থায় ধোনির পাশে এসে দাঁড়ালেন চলমান মৌসুমে পুনের অধিনায়কত্ব পাওয়া অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। তিনি বলেন, ‘ধোনির ফর্ম নিয়ে আমি মোটেও চিন্তিত নই। চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ফর্ম নিয়ে চিন্তা করতে হয়না।’
 
আইপিএলের দশম আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন ধোনি। অবশ্য পুনেরও হয়েছে তিনটি ম্যাচ। এ ম্যাচগুলোতে বড় স্কোর গড়তে পারেননি ধোনি। অপরাজিত ১২, ৫ ও ১১ রান করেন তিনি। তার এমন স্কোর দেখে অনেকেই সমালোচনায় মেতে উঠেছেন। এরমধ্যে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। গতকালই তিনি বলেছেন, ‘ওয়ানডেতে ফরম্যাটে চ্যাম্পিয়ন খেলোয়াড় ধোনি। তবে টি-২০ ফরম্যাটে মোটেও পারদর্শী নন ধোনি।’
 
ধোনি যখন সমালোচনায় বিদ্ধ, তখনই তার পাশে এসে দাঁড়ালেন স্মিথ। তিনি বলেন, ‘তার ফর্ম নিয়ে আমি চিন্তিত নই। সে সেরা খেলোয়াড়। মাত্র ৩ ম্যাচ দিয়েই তাকে বিবেচনা করা ঠিক নয়। খুব শীঘ্রই রানে ফিরবে ধোনি।’
 
টি-২০ ফরম্যাটে ধোনির রেকর্ড অতুলনীয় বলেও মন্তব্য করলেন স্মিথ। তিনি বলেন, ‘ধোনির অতীত পারফরমেন্স খুব বেশি ভালো না হলেও, দলের প্রয়োজনে সবসময়ই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সে। দলের প্রয়োজনে ব্যাট হাতে ছোট ছোট ইনিংস ও অধিনায়ক হিসেবে দারুণ সব সাফল্য তার আছে। তাই অভিজ্ঞতার কারণে ধোনি এখনও সেরা খেলোয়াড়।’ টাইমস অব ইন্ডিয়া/বাসস।
 
ইত্তেফাক/রেজা