শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে দেশটির সরকার।
এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার কানাডার পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাত থেকে সম্মানসূচক নাগরিকত্বের সনদ গ্রহণ করেন ১৯ বছর বয়সী মালালা।
প্রতিবেদনে বলা হয়, সম্মানসূচক নাগরিকত্ব গ্রহণ করার সময় কানাডার পার্লামেন্টে বক্তব্য দেন মালালা। তিনি দেশটির প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে আলোচনা করেছেন। এ সময় তিনি নারী শিক্ষার গুরুত্ব ও শরণার্থী সমস্যাসহ নানা বিষয় তুলে ধরেন।
মালালা বলেন, নারী শিক্ষার উন্নয়ন, মানবিকতা, শরণার্থী সমস্যা সমাধানে চেষ্টা, নারী অধিকারের পক্ষে দাঁড়ানো ও শান্তি প্রতিষ্ঠার জন্য কানাডাকে ধন্যবাদ। সকালে প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আমি বেশ আনন্দিত। শরণার্থীদের আশ্রয় দেওয়া ও প্রতিশ্রুতি অনুযায়ী কানাডায় প্রথমবারের মতো মন্ত্রিসভায় লৈঙ্গিক সমতা আনায় আমি বিস্মিত।
পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। নারীসহ সব শিশুর শিক্ষার অধিকারের পক্ষে তাঁর সাহসী আন্দোলনের স্বীকৃতি হিসেবে নোবেল কমিটি তাঁকে ওই পুরস্কার দেয়। তালেবানের বাধার পরেও মালালা নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে তাঁকে জঙ্গিরা গুলি করেছিল। তবে প্রাণে বেঁচে যায় তখনকার কিশোরী মালালা।
প্রসঙ্গত, এই নিয়ে তিনি হলেন ছয় নম্বর ব্যক্তি যিনি কানাডার থেকে এই সম্মান পেলেন। এর আগে বিশ্বের পাঁচ ব্যক্তির মধ্যে এই সম্মানে সম্মানিত হয়েছিলেন যাদের মধ্যে আছে নেলসন ম্যান্ডেলা, দলাই লামা এবং মায়ানমারের আন সান সু কি।
ইত্তেফাক/রেজা
