ইনজুরি থেকে মাঠে ফিরেই কোহলির অর্ধ শতক

আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৯:৫৯
কাঁধের ইনজুরিতে আহত হয়ে তিন সপ্তাহ পর মাঠে ফিরেই ব্যাট হাতে দুর্দান্ত এক অর্ধ শতক করলেন ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের ১২তম ও এবারের আসরে প্রথমবারের মতো খেলতে নেমেই অর্ধ শতক করেন এই রান মেশিন।
 
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওপেনার হিসেবে খেলতে নেমে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৬২ রান করেন কোহলি। তার ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেটে ১৪২ রানের সম্মানজনক স্কোর পায় ব্যাঙ্গালুরু।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধের ইনজুরিতে পড়েন কোহলি। এরপর অসিদের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে খেলতে পারেননি তিনি। এমনকি আইপিএলে ব্যাঙ্গালুরুর প্রথম তিন ম্যাচেও অংশ নিতে পারেননি কোহলি। এ তিন ম্যাচে ১টি জয় ও ২টি ম্যাচে হারে ব্যাঙ্গালুরু। ইএসপিএন ক্রিকইনফো।
 
ইত্তেফাক/রেজা