দেবকে বরাবরই যারা রোমান্টিক হিরো হিসেবে চিনেন, তাদের জন্য দেবের নতুন লুক। দুই হাতে বক্সিং গ্লাভস। বক্স অফিসের রিংয়ে এইভাবেই হাজির দেব। গতকাল প্রকাশিত হয়েছে চ্যাম্পের ফার্স্ট লুক এবং টিজার।
গ্ল্যামারের মোড়ক ছেড়ে এর আগেও বেরিয়ে আসতে দেখা গিয়েছে তাঁকে। তবে বক্সারের চরিত্রে এই প্রথমবার দেখা যাবে দেবকে। ছবির প্রযোজকও তিনি। নিজের এই লুকের জন্য প্রচুর খেটেছেন ‘পাগলু’। ডায়েট ফলো করেছেন। নিয়মিত শরীরচর্চা করেই বানিয়েছেন বেয়ার চেস্টেড এইট প্যাক লুক।
ছবিতে এক বক্সারের জীবনের সংগ্রামের কাহিনী ফুটিয়ে তুলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ফার্স্ট লুক মুক্তি পাওয়ায় খুশি পরিচালক। খবরটাও টুইটারে জানানে ভুল করেননি। নিজের ‘চ্যাম্প’কে মহম্মদ আলির সঙ্গে তুলনা করেছেন তিনি।
ছবিতে দেব ছাড়াও দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, লাবনী সরকার।
IMG0
তবে ছবির অন্যতম আকর্ষণ রুক্মিনী মৈত্র। দেব ও রুক্মিনীর সিনেমার বাইরের প্রেম কাহিনী মোটামুটি সবাই জানেন। এবার দেখা যাবে স্ক্রীনে। চ্যাম্পের আরেক আকর্ষণ হলো সিনেমায় স্পোর্টস থিম সংয়ে দেখা যাবে সৌরভ গাঙ্গুলীকে।
গত বছর ‘কেলোর কীর্তি’ থেকে ‘জুলফিকার’ কোনওটাই বক্স অফিসে তেমনভাবে সাফল্যের মুখ দেখেনি। তবে এবারে কোমরবেঁধে নেমেছেন সুপারস্টার। আসছে ঈদে মুক্তি পাবে চ্যাম্প।
ইত্তেফাক/আনিসুর
