বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সম্প্রতি ভারত সফর থেকে প্রধানমন্ত্রী খালি হাতে ফিরেছেন। তিনি শুধু দিয়ে এসেছেন। কিছু নিয়ে আসেননি। তিনি তিস্তা চুক্তি করতে পারেননি।
শনিবার নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে খালিয়াজুরী কলেজ চত্ত্বরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘ভারত থেকে নদীগুলোর গেট খুলে দেয়া হয়েছে। তাই অকাল বন্যায় হাওড়াঞ্চলের সব ফসল তলিয়ে গেছে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার মিথ্যা মামলায় তাকে কারাগারে আটক করে রেখেছে। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি এবং আমার বিরুদ্ধে ৮৬টি মিথ্যা মামলা দিয়েছে। এ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
