বলিউড আর ক্রিকেট যেন হাত ধরাধরি করে চলে। না, ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল নতুন কোনো প্রেম কাহিনীর জন্ম দেননি। তবে যা খবর দিয়েছেন তা নতুন তো বটেই! বলিউডের দুই সুপারস্টার নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া কিংবা দীপিকা পাডুকোনকে নাকি এক সঙ্গে চাই ক্যারিবিয়ান ক্রিকেটারের। কিন্তু কেন?
রাসেল বর্তমানে ডোপিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞার মাঝে আছেন। হঠাৎ পাওয়া এই 'অবসর' সময়টা তিনি হেলায় নষ্ট করতে চান না। তাই একটি মিউজিক ভিডিও বের করার উদ্যোগ নিয়েছেন আন্দ্রে রাসেল!
ক্রিকেট ক্যারিয়ার শেষে রুটি-রুজির জন্য মিউজিক কিংবা অভিনয়টাকেই পেশা হিসেবে নিতে চান রাসেল। এই পেশায় থিতু হতে বলিউডের দিকেই নজর এই ক্যারিবিয়ানের। কারণ বলিউডের মত বড় সিনেমার বাজার এক হলিউড ছাড়া কোথাও নেই। রাসেল বলেছেন, আমি বিনোদন-জগতে ক্যারিয়ার গড়ার চেষ্টা করছি। আমার মিউজিক ভিডিওটাও ভারতের বাজারের কথা মাথায় রেখেই নির্মিত হচ্ছে। এরপর হয়তো বলিউডের ছবিতে অভিনয়ের চেষ্টা করব।
আর এজন্যই কিছুদিন আগে বলিউডের নায়িকা মল্লিকা শেরাওয়াতের সঙ্গে বেশ জমিয়ে আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছিলেন রাসেল। এই ভিডিওতে মল্লিকার থাকার কথা ছিল। কিন্তু রাসেলের চিন্তা আরও উপরের দিকে। তিনি চান বলিউডের দুই টপ অভিনেত্রী প্রিয়াঙ্কা কিংবা দীপিকাকে! চলতি মাসেই ভারতে এসে নাকি তিনি এ বিষয়ে আলোচনা করবেন। বলিউড অভিনেত্রীদের সঙ্গে তিনি আরও মিউজিক ভিডিও করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। এই ভিডিওটি প্রকাশ করছে লস অ্যাঞ্জেলসের জেমিনি মিউজিক। যারা জাস্টিন বিবারের সরি অ্যলবামটিও বের করেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/রেজা
