নাঙ্গলকোটে ব্রিজ না থাকায় হাজারো লোকের ভোগান্তি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ০১:১১

নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের চারিতুপা গ্রামের জনসাধারণের যাতায়াতে নতুন ডাকাতিয়া নদীর উপর ব্রিজ না থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর উদ্যোগে যাতায়াতের জন্য একটি কাঠের ব্রিজ নির্মাণ হলেও বর্তমানে সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার মৌকারা ইউনিয়নের চারিতুপা গ্রামটি নতুন ডাকাতিয়া নদীর পাশে অবস্থিত। নদীর উপর ব্রিজ না থাকায় দীর্ঘদিন যাবত্ এলাকাবাসীকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিরুপায় হয়ে ২০১১ সালে চারিতুপা গ্রামবাসী তিন লাখ টাকা চাঁদা তুলে কাঠের সাঁকো নির্মাণ করে যাতায়াত করছেন। তবে ব্রিজের দু’পাশে রেলিং না থাকায় দুর্ঘটনায় শিক্ষার্থীসহ অনেককে আহত হতে হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে নির্মিত কাঠের ব্রিজের উপর দিয়ে মৌকারা ইউনিয়নের মৌকারা, মহেশ্বর, পরকরা, চারিতুপা গ্রামের প্রায় ২০ হাজার লোক যাতায়াত করে। তাছাড়া পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার উপর দিয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সড়কের চিওড়া বিশ্বরোড পর্যন্ত যাতায়াত করতে সহজ হয়। এলাকার শিক্ষার্থীরা কাঠের ব্রিজ দিয়ে মৌকারার মহেশ্বর প্রাথমিক বিদ্যালয়, ময়ুরা উচ্চ বিদ্যালয়, রায়কোট ইউনিয়নের তুলাতুলি উচ্চ বিদ্যালয় এবং চৌদ্দগ্রামের কনকাপৈত নুর মিয়া ডিগ্রী কলেজে যাতায়াত করে। ২’শ ৪০ ফুট দীর্ঘ ব্রিজটি বর্ষা মৌসুমে খুবই জরাজীর্ণ হয়ে পড়ে। তাই যে কোনো সময় ব্রিজটি ভেঙ্গে প্রাণহানির সম্ভাবনা রয়েছে।

নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী জাবেদ হোসেন বলেন, ব্রিজটির বিষয়ে আমরা অবগত আছি। ইতিমধ্যে এটি নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রাক্কলন পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু