বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর দশম পর্ব প্রচারিত হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী সালমা ও বিউটি এই প্রথম কোনো টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠানে একসঙ্গে গান গাইলেন। ‘পরিবর্তন’ অনুষ্ঠানের জন্য গাওয়া শ্রোতাপ্রিয় লালন সংগীত ‘করি মানা কাম ছাড়ে না মদনে’ গানটির সংগীতায়োজন করেছেন আরফিন রুমী। নতুন সংগীতায়োজনে গাওয়া এই গানটি আশা করা যায় সবার ভালো লাগবে।
বৈশাখী মাস, বৈশাখী মেলা ও বৈশাখী আচার-অনুষ্ঠান নিয়ে জাহিদ আকবরের কথায় ফোয়াদ নাসের বাবুর সুর ও সংগীতে ‘পরিবর্তন’-এর এ পর্বে গান গেয়েছেন এ সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী সুজন আরিফ ও কর্ণিয়া।
বর্তমান সময়ের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজা গেয়েছেন রবিউল ইসলাম জীবনের কথায়, আরফিন রুমির সুর ও সংগীত পরিচালনায় একটি গান।
বৈশাখী, বৈশাখী মেলা নিয়ে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য নিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা রেসি। সঙ্গে রয়েছেন বিশজন সহশিল্পী।
সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’-এর পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
ইত্তেফাক/নূহু
