আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বইঘর আবৃত্তি ফেস্ট ২০১৯'-এর গ্র্যান্ড ফিনালে। সারাদেশ থেকে এক হাজারের বেশি প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগীতার সমাপনীতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তারা হলেন আবৃত্তিকার মাহিদুল ইসলাম, অধ্যাপক ড. সৌমিত্র শেখর ও মডেল, উপস্থাপক ও আবৃত্তিকার শারমিন লাকী।
বইঘর কর্তৃপক্ষ জানায়, ঘোষণা অনুযায়ী গত এক মাসে সারা দেশ থেকে রবি ও এয়ারটেল সিম ব্যবহারকারী প্রতিযোগীরা কবিতা রেকর্ড করে পাঠান রবি বইঘর ও মাই এয়ারটেল পকেট বুক অ্যাপ দুটিতে। পাশাপাশি ২৭০৫০ নম্বরে ডায়াল করেও কবিতা রেকর্ড করেন তারা। সেখান থেকে কয়েকটি ধাপে যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হয়েছে সেরা ১০জন প্রতিযোগীকে।
আগামী ৯ এপ্রিল বিকালে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে গ্র্যান্ড ফিনালে আসরে এই ১০জন প্রতিযোগী সরাসরি কবিতা আবৃত্তি করবেন। প্রধান তিন বিচারক মাহিদুল ইসলাম, শারমিন লাকী ও সৌমিত্র শেখরের রায়ে এই আসরে ৬ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে। তাদের মধ্যে প্রথম দু’জন বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন কলকাতার জোড়াসাঁকোতে তিনদিন দুই রাত ভ্রমণের সুযোগ। বাকি চারজনের জন্য পৃথকভাবে থাকছে ৫ হাজার টাকা মূল্যের বই।
আরও পড়ুন: বৃহস্পতিবার শুরু হচ্ছে ক্যাপিটাল মার্কেট এক্সপো
উল্লেখ্য, অনলাইনে বই পড়ার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম 'বইঘর'। দেশীয় সংস্কৃতির উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানটি নিয়মিত আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন করে থাকে।
ইত্তেফাক/ জেডএইচডি
