দেশে জঙ্গি ও সন্ত্রাসের স্থান হবে না: পানিসম্পদমন্ত্রী

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৯:১৭
 
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, 'দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান হবে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহল সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তা দমন করেছেন।'
 
রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া পার্কে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
 
এসময় তিনি বলেন, 'আগামী দুই বছরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে রাবারড্যাম নির্মাণ ও নদী খনন কাজ সম্পন্ন করা হবে।' সেইসঙ্গে চরবাগডাঙ্গা ইউনিয়নের ভাঙ্গনসহ অন্যান্য নদী ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি 
বক্তৃতায় উল্লেখ করেন।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভার আয়োজন করে। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ এমপি, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস এমপি প্রমুখ।
 
ইত্তেফাক/জামান