আগামী নির্বাচনে নৌকায় ভোট চাইলেন সাঈদ খোকন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২০:০৬
বাসযোগ্য ঢাকা গড়ার লক্ষে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রবিবার ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক জবাবদিহিতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
 
এর আগে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষে ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. আরিফ হোসেন ছোটনের উদ্যোগে উল্টিনগঞ্জ বুড়িগঙ্গা নদীর তীরে এবং ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল্লাহ মিনুর উদ্যোগে পুরাতন লোহারপুল এলাকায় নব-নির্মিত দু’টি এসটিএস উদ্বোধন করেন মেয়র।
 
জনতার মুখোমুখি হওয়ার শুরুতেই এলাকার মানুষ পানির দাবিতে কলসি-বালতি নিয়ে স্লোগান দেন। তাদের অভিযোগ, রাত দুইটায় ওয়াসার পানি আসে। তখন পানির জন্য বের হতে হয়, যা মানুষের জন্য চরম বিড়ম্বনার বিষয়।
 
পানির কষ্ট নিবারণে পানির পাম্প বসানোর দাবির প্রেক্ষিতে মেয়র তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। এক থেকে দেড় কাঠা জমি বরাদ্দের উদ্যোগ নিতে বলেন। সে অনুযায়ী জমি প্রাপ্তি সাপেক্ষে আগামী রোজার আগেই ওয়াসার কর্মকর্তার কাছ থেকে এলাকাবাসীর জন্য একটি পানির পাম্প বসানোর প্রতিশ্রুতি আদায় করেন। এছাড়া এ ওয়ার্ডে  কোন রাস্তা নষ্ট থাকলে তা জরুরিভাবে মেরামতের ব্যবস্থা নেয়ার জন্য প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন।
 
তিনি বলেন, এলইডি বাতি ভিআইপিদের জন্য ব্যবহৃত হতো, আমি তা নগরবাসীর জন্য পুরো নগরী জুড়ে লাগানো শুরু করেছি। আগামী জুন-জুলাই মাসের মধ্যে পুরো নগরী এলইডি বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠবে।
 
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল্লাহ মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, নারী কাউন্সিলর হেলেনা আক্তারসহ পাশ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর ও বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।