বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১১:০৪
 
বগুড়ার শেরপুরের চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
 
নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার খেয়াঘাট এলাকার মোজাজ্জল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩০), একই উপজেলার মণ্ডলপাড়া গ্রামের আব্দুল করিম (৪৫) ও সাইদার রহমানের ছেলে তারেক (২৭)।
 
রবিবার রাত একটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৩০ জন।
 
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, গাইবান্ধার সাঘাটা থেকে ছেড়ে আসা নিউ সাফা স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি শেরপুর উপজেলার চান্দাইকোনা বগুড়া বাজারে পৌঁছালে ঢাকামুখী একটি পাথর বোঝাই ট্রাককে বেপরোয়াভাবে ওভারটেকিং করার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে মহাসড়কের পশ্চিমপাশে খাদে পড়ে যায়।
 
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর, রায়গঞ্জ ও বগুড়া ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয় এবং ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে। তাত্ক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহতদেরকে হাসপাতালে ভর্তি করে। বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। হাসপাতাল সূত্র বলছে, আহত সকলেই বর্তমানে আশঙ্কামুক্ত।
 
দুর্ঘটনার পরপরই বগুড়া-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয়পাশে আটকা পড়ে শত শত বাস কোচ ট্রাক। পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে জোর তত্পরতা চালাতে থাকে। রাত আড়াইটার পর থেকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
 
ইত্তেফাক/আরএ