রাজস্ব ফাঁকি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ইউনাইটেড ট্রেড মার্কের চেয়ারম্যান তোফায়েল আহমদ খানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার সকালে মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, চট্টগ্রাম কাস্টমস হাউজ থেকে গত বছরের ১৮ আগস্ট তোফায়েল আহমদসহ কয়েকজন মিলে পরস্পর যোগসাজশ করে অসত্য এইচ এস কোড ঘোষণায় পাইপ আমদানি পূর্বক খালাস গ্রহণ করে সরকারের ৫২ লাখ ৫৮ হাজার ৬’শ ৮৯ টাকা রাজস্ব ফাঁসি দিয়ে তা আত্মসাৎ করে। ওই ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদি হয়ে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তোফায়েল আহমদসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর থানায় মামলাটি দায়ের করেন।
