ভারতের সুপ্রিম কোর্ট সাহারা গ্রুপের অভিজাত আবাসন প্রকল্প ‘অ্যাম্বি ভ্যালি’ নিলামে তুলে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছে। গ্রুপের প্রধান সুব্রত রায় বিনিয়োগকারীদের পাওনা ৫ হাজার ৯২ কোটি রুপি নির্ধারিত সময়ে কোর্টে জমা দিতে ব্যর্থ হওয়ায় এ নির্দেশ প্রদান করা হয়।
পুনের কাছে সাহারার ওই ভ্যালিটি প্রায় ৮ হাজার ৯শ একর ভূমির ওপর গড়ে উঠে। যার বাজার দর আনুমানিক ৩৯ হাজার কোটি রুপি। কোর্টের পক্ষ থেকে সুব্রত রায়কে উদ্দেশে বলা হয়, তিনি যদি বিনিয়োগকারীদের পাওনা পরিশোধে ব্যর্থ হন তাহলে তাকে জেলে যেতে হবে। বিচারপতি দীপক মিশরার নেতৃত্বাধীন বেঞ্চ সুব্রত রায়কে আগামী ২৭ এপ্রিল আদালতে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন।
একপর্যায়ে বলা হয়, আমরা এ ব্যাপারে যথেষ্ট সময় দিয়েছি। তিনি যদি অর্থ পরিশোধে ব্যর্থ হন তাহলে তাকে অবশ্যই জেলে যেতে হবে। ওই সম্পত্তি নিলামে বিক্রির জন্য আদালত মুম্বাই হাই কোর্টের একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। এর আগে এ মাসের প্রথম দিকে আদালতের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল, যদি আজকের দেওয়া (১৭ এপ্রিল) তারিখে তারা অর্থ জমা দিতে না পারে তাহলে আর সময় বাড়ানো হবে না। আর যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা বাধ্য হব নিলামে যেতে। আজকের এই শুনানিতে সেই ঘোষণাই দেওয়া হল। এনডিটিভি।
ইত্তেফাক/সাব্বির
